
অভয়নগরের বাঘুটিয়ায় জামায়াতের গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত অভয়নগর প্রতিনিধি:ইকবাল হাসান । দৈনিক দেশের নিউজ। যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রবিবার বিকেল ৫টায় গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আসর নামাজের পর শুরু হওয়া এ আয়োজনে ইফতারের পূর্ব পর্যন্ত রমজানের তাৎপর্য ও তাকওয়ার শিক্ষা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর যশোর জেলা আমীর মো. গোলাম রছুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজান মানুষকে তাকওয়া ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। কোনো জনপ্রতিনিধির মধ্যে যদি এ চেতনা থাকে, তবে তিনি কখনো জনগণের অধিকার অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারেন না। তিনি আরও বলেন, “আমরা ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য দায়িত্ব গ্রহণ করিনি। বরং জনগণের জান-মালের হেফাজত ও কল্যাণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সরদার শরিফ হোসেন, কর্মপরিষদ সদস্য শরীফ বেলাল, অভয়নগর যুব জামায়াতের সভাপতি মাসুদ রানা, শুভরাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও জামায়াত নেতা মাওলানা জহুরুল ইসলাম, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা তৈয়্যেবুর রহমান এবং পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গণ ইফতার মাহফিলে ইউনিয়ন জামায়াতের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। মোনাজাতের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।