বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার।
সায়েম আলী বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নে নিখোঁজের তিন দিন পর মো. পারভেজ হোসেন নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের চৌরঙ্গী বাজার সংলগ্ন একটি পুরোনো পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পারভেজ মধ্য চাড়োল গ্রামের আনোয়ার হোসেন ও পারভিন আক্তার দম্পতির ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত তিন দিন আগে পারভেজ বাড়ি থেকে ৬ হাজার টাকা নিয়ে বের হন। এরপর থেকেই তার আর কোনো খোঁজ মিলছিল না। শুক্রবার সকালে স্থানীয় লোকজন চৌরঙ্গী বাজারের পাশের পুরোনো পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। তাৎক্ষণিক মৃত ব্যক্তির মা পারভিন আক্তার ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন। খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।