
ফুলতলায় মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও শিক্ষক ফিরোজ মোড়লের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন।
খুলনা ফুলতলা থেকে এস এম মমিনুর রহমান
খুলনার ফুলতলা উপজেলার গাড়াখোলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক, প্রতিষ্ঠাতা ও জমিদাতা ফিরোজ মোড়লের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং মাদ্রাসার মালামাল চুরির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর বেলা ১১টায় ফুলতলা উপজেলা চত্বরে গাড়াখোলা এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মাদ্রাসার সহকারী শিক্ষক ফিরোজ মোড়লের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন অভিযোগ তুলে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। মাদ্রাসার মালামাল চুরির অভিযোগের বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তারা। বক্তারা বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলে তা যথাযথ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। নিরপেক্ষ তদন্ত ছাড়া কাউকে হয়রানি বা সামাজিকভাবে হেয় করা উচিত নয়। একই সঙ্গে মাদ্রাসার মালামাল চুরির ঘটনায় প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। মানববন্ধন থেকে শিক্ষক ফিরোজ মোড়লের বিরুদ্ধে কথিত ষড়যন্ত্র বন্ধ, মাদ্রাসার মালামাল চুরির অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন দামোদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন শেখ, দামোদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল মোল্লা, বিএনপি নেতা হাবিবুর রহমান সরদার, আব্বাস আলী মোল্লা, ইদ্রিস আলী মোল্লা, মিকু ভুঁইয়া, আজাহার আলী মোল্লা, ইউসুফ মোল্লা, গাড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ফিরোজ মোড়লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী। মানববন্ধন শেষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও জমিদাতা ফিরোজ মোড়ল বলেন, “আমি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও জমিদাতা।প্রতিষ্ঠানটি আমার ও এলাকার সবার। তাই আমি কখনো চাইব না, আমাদের এমন একটি সুন্দর প্রতিষ্ঠান নষ্ট হোক। একটি অসাধু ও কুচক্রী মহল প্রতিষ্ঠানটি ধ্বংস করার উদ্দেশ্যে আমার ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। তিনি আরও বলেন, “আমি সংশ্লিষ্টদের কাছে অনুরোধ জানাই, আপনারা সুষ্ঠু তদন্ত করুন। আমার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে আমি স্বেচ্ছায় আমার সকল পদ ও চাকরি থেকে অব্যাহতি নেব। এলাকাবাসী ও গণমাধ্যমকর্মীদের প্রতিও আহ্বান জানাই, আপনারা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা তুলে ধরুন এবং প্রতিষ্ঠানটি রক্ষায় ভূমিকা রাখুন।