
উত্তর বেদকাশীর ঐতিহ্যবাহী বৃক্ষ মেলার শুভ উদ্বোধন
২০০১ সালে পথচলা, আজ ঐতিহ্যের মেলবন্ধনে পরিণত
কয়রা (খুলনা) প্রতিনিধি: মোঃ রফিকুল ইসলাম/ মনিরুজ্জামান মনি।
খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের কাছারিবাড়িতে ঐতিহ্যবাহী বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসনের কর্মকর্তা মনিরুল হাসান বাপ্পি।
সবুজের প্রতি ভালোবাসা, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের প্রত্যয় নিয়ে ২০০১ সালে হাটি হাটি পা পা করে যাত্রা শুরু হয়েছিল উত্তর বেদকাশীর এই বৃক্ষ মেলার। দীর্ঘ পথপরিক্রমায় স্থানীয় মানুষের ভালোবাসা, সহযোগিতা ও বৃক্ষপ্রেমীদের নিরলস প্রচেষ্টায় মেলাটি আজ একটি ঐতিহ্যবাহী আয়োজনে পরিণত হয়েছে।
মেলার শুরুর দিনগুলোতে যারা নিজেদের শ্রম, সময় ও অর্থ ব্যয় করে এর ভিত্তি গড়ে তুলেছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সরদার নজরুল ইসলাম, উত্তর বেদকাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ লুৎফর রহমান, মোড়ল শওকত হোসেন, সরদার নুরুল ইসলাম কোং, ডা. নির্মল, ডা. আব্দুর রশিদ, মাওলানা আমজেদ হোসেন ও মজিবর সরদারসহ অসংখ্য বৃক্ষপ্রেমী ও স্থানীয় শুভানুধ্যায়ী।
আয়োজকদের মতে, শুধু মেলা আয়োজনই নয়—উপকূলীয় এলাকায় বৃক্ষরোপণ ও সবুজ পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রেও এই মেলার রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনপদে বৃক্ষের গুরুত্ব মানুষের মাঝে তুলে ধরতে প্রতিবছর এই মেলা বিশেষ ভূমিকা পালন করে আসছে।
মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির পাশাপাশি বৃক্ষপ্রেমী মানুষের ব্যাপক সমাগম ঘটে। শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে মেলা পরিণত হয়েছে এক প্রাণবন্ত মিলনমেলায়।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা উপকূলীয় অন্ঞ্চলে বৃক্ষরোপনের কোনো বিকল্প নেই। ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের বৃক্ষ মেলার আয়োজন আরও সম্প্রসারিত করা প্রয়োজন।
দীর্ঘ ২৫ বছরের পথচলায় নানা প্রতিকূলতা পেরিয়ে উত্তর বেদকাশীর বৃক্ষ মেলা আজ একটি মেলা নয়! এটি হচ্ছে বৃক্ষপ্রেম, পরিবেশ সচেতনতা ও স্থানীয় ঐতিহ্যের এক অনন্য প্রতীক।