
আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ায় অধ্যাপক ওয়াহিদুজ্জামানকে সংবর্ধনা।
আতিকুর রহমান(স্টাফ রিপোর্টার):
আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের যশোর শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত নবগঠিত এডহক ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হওয়ায় অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামানকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪ নম্বর ওয়ার্ড শাখা এবং আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল সকাল ১১ ঘটিকায় স্কুলের নিজস্ব অডিটোরিয়ামে আয়োজিত ‘সংবর্ধণা-২০২৬’ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান সহ নবগঠিত কমিটির সকলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সংবর্ধনার জবাবে অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, “একটি শিক্ষা প্রতিষ্ঠান শুধু পাঠ্যবই পড়ানোর জায়গা নয়; শিক্ষার্থীদের সৎ, যোগ্য, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার অন্যতম প্রধান প্রতিষ্ঠান। তাই বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়ে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করতে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিতর্ক, বিজ্ঞানচর্চা ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিদ্যালয়ের উন্নয়ন প্রসঙ্গে অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, “আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়কে একটি আধুনিক, মানসম্মত ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের অন্যতম লক্ষ্য। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নত করা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষক-শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মধ্যে দেশপ্রেম, সততা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও অন্যের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করতে হবে। মাদক, সন্ত্রাস, ইভটিজিংসহ সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”
অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, দায়িত্বটি তাঁর জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্বও। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে তিনি বিদ্যালয়ের শিক্ষার মান ও সার্বিক পরিবেশ উন্নয়নে কাজ করতে চান।
তিনি বলেন, “ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে বিদ্যালয়ের কল্যাণ ও শিক্ষার্থীদের ভবিষ্যৎকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। সকলের সহযোগিতা পেলে আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।”
অনুষ্ঠানে বক্তারা অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে নবগঠিত এডহক ম্যানেজিং কমিটির সফলতা কামনা করেন তারা।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।